প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
নারায়ণগঞ্জে থানা পুলিশের অভিযানে মাদকসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
বন্দর থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৯ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯:৫৫ ঘটায় এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল বন্দর এলাকার দত্তবাড়ী বউবাজার সাকিনস্থ জনৈক আনোয়ার হোসেনের ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়।
অভিযানে বাসা নং-৭১, দত্তবাড়ী বউবাজার এলাকার ওলি মিয়া ও হাসনা বেগমের মেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শান্তি বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি শান্তি বেগমের পূর্বের অপরাধীয় বিবরণী (পিসিপিআর) যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত মামলার প্রমাণ পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে এলাকা থেকে মাদকসহ যাবতীয় অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট